ময়মনসিংহ

বিজয়োল্লাস নয়, নফল নামাজের নির্দেশ বিএনপি প্রার্থী মাজেদ বাবুর

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী প্রাথমিক ফলাফলে নিজের বিজয়ের উজ্জ্বল সম্ভাবনা দেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে এক ব্যতিক্রমী ও কঠোর নির্দেশনামূলক বার্তা দিয়েছেন বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজয়ী হলে কোনো প্রকার মিছিল, পুষ্পমাল্য গ্রহণ বা সহিংসতা করা যাবে না।

সাধারণত নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয় মিছিল ও উৎসবের আমেজ দেখা গেলেও মাজেদ বাবু তার সমর্থকদের জন্য ভিন্ন পথ বেছে নিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন “কোন মিছিল নয়, কোন ফুল নয়, কোন সহিংসতা নয়। যদি পাশ করি, সবাই এসে বাসায় দুই রাকাত নফল নামাজ পড়ে যাবেন। এর ব্যতিক্রম সহ্য করা হবে না।”

এই বিভাগের আরও সংবাদ

শুধুমাত্র উদযাপনের ওপরই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের প্রতি বিদ্বেষ ছড়ানো বা ব্যক্তিগত আক্রমণের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন যে, বর্তমানের আচরণ ভবিষ্যতে রাজনৈতিক মূল্যায়নের ক্ষেত্রে মাপকাঠি হিসেবে ব্যবহৃত হবে।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন “কোন ধরনের ফেসবুকে কারো চরিত্র হরণ নয়। এগুলো সব কিছুই পরীক্ষা করা হবে এবং আপনার আগামীর রাজনৈতিক পদ পাওয়ার সময় আপনার আচরণ পরীক্ষা করা হবে।”

মাজেদ বাবুর এমন দায়িত্বশীল এবং সংযত অবস্থানের প্রশংসা করছেন সাধারণ ভোটাররা। রাজনীতিতে যখন সংঘাত ও পাল্টাপাল্টি ধাওয়ার সংস্কৃতি নিয়ে উদ্বেগ থাকে, সেখানে একজন সম্ভাব্য বিজয়ীর পক্ষ থেকে ‘নফল নামাজ’ ও ‘উচ্চতর নৈতিকতার’ ডাককে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সাধারণ মানুষ।

তার এই বার্তাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল। অনেকেই মন্তব্য করছেন, এটি রাজনৈতিক শিষ্টাচার ও শুদ্ধাচারের একটি নতুন উদাহরণ হয়ে থাকবে।

এই বিভাগের আরও সংবাদ