ভোট দিলেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও রোজালিন ইসলাম


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা নাজনীন ইসলাম ও সুমাইয়া রোজালিন ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট প্রদান করেন।
আজ নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হন সাধারণ মানুষ। তার মধ্যে অনেক এলাকায় নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।
নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মধ্যে মাত্র ৮৩ জন হলেন নারী।
মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।



