ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের বিশাল জনসভা: ‘ছাতা’ মার্কার পক্ষে গণজোয়ার


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) ঈশ্বরগঞ্জ সদরে আয়োজিত এই সভায় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গ জেব বেলালের সমর্থনে হাজারো মানুষের ঢল নামে। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতা মার্কার প্রার্থী ড. আওরঙ্গ জেব বেলাল বলেন, “ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।” তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ‘ছাতা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসানের সভাপতিত্বে সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, স্থানীয় ভোটারদের মধ্যে ছাতা মার্কা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উপজেলার হাট-বাজার ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার কেন্দ্রে ড. বেলাল ও তার নির্বাচনী প্রতীক ছাতা। জনসভা থেকে নেতাকর্মীরা জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার শপথ নেন।





