ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন খোকনের ইন্তেকাল


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মামুন খোকন (পেট্রোল খোকন হিসেবে পরিচিত) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্ট্রোকজনিত কারণে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল্লাহ আল-মামুন খোকন ঈশ্বরগঞ্জের রাজনীতির এক পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ ১৭ বছর বিভিন্ন জেল-জুলুম ও প্রতিকূলতার শিকার হয়েছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন এবং পরবর্তীতে বিএনপির মূল রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। দলীয় ত্যাগী এই নেতা দীর্ঘ সংগ্রামের পর রাজনৈতিক সুসময় দেখে যেতে না পারায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে গভীর আক্ষেপ ও শোক বিরাজ করছে।
তার আকস্মিক মৃত্যুতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



