রাজধানী

চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করবোঃ সাইফুল আলম নীরব

আজ ঢাকা ১২- আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরবের গনসংযোগ অনুষ্ঠিত হয় তেজগাঁয়ের ২৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাখালপাড়ায়। গণসংযোগে তিনি সবার কাছে ফুটবল প্রতীকে ভোট চান।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলানগর ও রমনা থানার বেশ কিছু এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। রাজধানীর ব্যবসায়িক হাব হিসেবে পরিচিত কারওয়ান বাজার এই নির্বাচনি এলাকার অন্তর্গত। জাতীয় সংসদ ভবন এলাকা, নির্বাচন কমিশন সচিবালয়ও পড়েছে ঢাকা-১২ আসনে। ফলে গুরুত্বপূর্ণ এই আসনের দিকে নজর রয়েছে দেশবাসীর। সারাদেশের মতো এই আসনেও জমে উঠেছে নির্বাচনি প্রচার-প্রচারণা। সারাদেশে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার এই আসনে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোটারের বড় অংশ, পাশাপাশি ব্যবসায়ী ও তরুণ ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য। ফলে যিনি ভোটারদের আস্থা অর্জন করতে পারবেন, তিনিই এগিয়ে থাকবেন- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

‎স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। যিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে দলীয় রাজনীতির বাইরে এসে স্থানীয় সমস্যা সমাধানের কথা বলছেন। বিশেষ করে তরুণ ভোটার ও প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের কাছে তিনি আলাদা আবেদন তৈরি করার চেষ্টা করছেন।

‎ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করা সাইফুল আলম নীরব বলেন, ‘আমি শতভাগ আশাবাদী এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। নিয়মিত মাঠে নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি নির্বাচনের দিন ভোটের মাধ্যমে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জবাব দেব। এ এলাকার ব্যবসায়ীদের মূল সমস্যা চাঁদাবাজি। আমি বিজয়ী হলে সেটা বন্ধ করব। পাশাপাশি এ এলাকায় শিক্ষিতের হার বৃদ্ধিসহ মাদক নির্মূলে কাজ করব।‎

এই বিভাগের আরও সংবাদ