খুলনা

খুলনায় সাবেক যুবদল নেতা গ্রেফতার: অস্ত্র উদ্ধার

খুলনা ব্যুরো : ৫ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে খুলনায় অস্ত্র ও গোলাবারুদসহ কেসিসি’র ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শুক্রবার গভীর রাতে ৩১ নং ওয়ার্ড হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শারীরিকভাবে অসুস্থ থাকায় রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে ভর্তি করা হয়।

টুকু লবণচরা হাজী আব্দুল মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।

সাবেক যুবদল নেতার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী শুক্রবার রাত ৩ টার দিকে টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। রাতে গ্রেফতারের পর তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে যুবদল ৩১ নং ওয়ার্ডে সাবেক এই সভাপতি অসুস্থতা বোধ করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো।

এই বিভাগের আরও সংবাদ