শেরপুর

গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

আরফান আলী, শেরপুর: ভারতের মেঘালয়ে স্থানীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের (৩০) মরদেহ সাত দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আকরামের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় ভারতীয় স্থানীয় পুলিশ, কলমাকান্দা থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত আকরাম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে। বড় ভাই শেখ ফরিদ বিকেলে জানান, ‘আমরা আকরামের লাশ গ্রহণ করেছি। লাশ নিয়ে বর্তমানে নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছি। ময়নাতদন্ত শেষ হওয়ার পর থানায় যেতে হবে। সেখান থেকে পরে বাড়ির পথে লাশ নিয়ে রওনা হবো।’

স্থানীয় সূত্র জানায়, আকরাম দীর্ঘদিন এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে শেরপুর, ঝিনাইগাতী ও জামালপুর থানায় একাধিক মামলা ছিল। তিনি পলাতক অবস্থায় বরিশালে বসবাস করতেন এবং সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমিন বলেন, নিহত আকরামের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট আকরামসহ আট বাংলাদেশি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। পরে ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে স্থানীয়রা আকরামকে ধরে বেধরক মারধর করলে সেখানেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ