শেরপুরে সাংবাদিকের ওপর হামলা: তিন আসামি গ্রেপ্তার


আরফান আলী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. খোরশেদ আলমের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামি ও অজ্ঞাতনামা আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টায় গ্রেপ্তার তিন আসামিকে শেরপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মো. দেলোয়ার হোসেন, মো. কোরবান আলী ও মো. আব্দুস ছামাদ। এর আগে শনিবার দিবাগত রাতে গোমড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি রাসেল আন্তঃজেলা চোরাকারবারি ও মাদকচক্রের সক্রিয় সদস্য। সম্প্রতি তার নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদককারবার বৃদ্ধি পায়। স্থানীয়রা ভয়ে মুখ না খুললেও সাংবাদিক খোরশেদ আলম তথ্য-উপাত্ত সংগ্রহ করে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করেন।
এর জের ধরে শুক্রবার রাতে সন্ধ্যাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে খোরশেদ আলমের ওপর রাসেল ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, ১৬ আগস্ট মধ্যরাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই ও অজ্ঞাতনামা আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





