ঈশ্বরগঞ্জে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন


মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “পরিচ্ছন্নতা ও সবুজে সাজাই পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান, বনজ ও ঔষধি গাছ করা হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।
মনি বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে, পরিবার পরিকল্পনা বিভাগ একদিকে যেমন তাদের কর্মপরিবেশকে আরও স্বাস্থ্যকর ও মনোরম করে তুলছে, অন্যদিকে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করছে।
কামাল হোসেন বলেন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল, ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলার ৭ টি স্বাস্থ্য কেন্দ্রে ১ হাজারটি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করবো। এর মাধ্যমে সরকারি দপ্তর ও সেবা প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন ও সবুজ করে তোলা, যা সকলের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।





