ময়মনসিংহ

আমাদের কলম কবে স্বাধীন হবে; মানববন্ধনে সাংবাদিকদের ক্ষোভ

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আমাদের হাত আমাদের কলম কবে স্বাধীন হবে? অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠিন হতে হবে। যারা আমার সহকর্মীকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে এই ধরনের নেক্কারজনক ঘটনা এই বাংলাদেশে আর না ঘটে। যাঁরা সত্য প্রকাশ করেন, তাঁদের তুহিনের মতো পরিণতি ভোগ করতে না হয়। সাংবাদিকেরা কোনো আমলেই নিরাপদ নন।

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে তুহিন হত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার (৯আগস্ট) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা ফয়সল আহমেদ এর সঞ্চালনায় ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসান এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ম. সেলিম, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক দেশের কণ্ঠের মুর্শেদুল কবির রিপন, দৈনিক প্রতিদিনের কাগজের নিজস্ব প্রতিবেদক উবায়দুল্লাহ রুমি।

এসময় উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. ইসহাক, দৈনিক বিডি২৪ লাইভ প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাহ আলম কৌশিক, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আসাদুল্লাহ হাদিস, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হুসাইন মোহাম্মদ তারেক, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি মাহমুদুল হক শুভ, দৈনিক পাঞ্জেরি প্রতিনিধি ফয়সাল আহমেদ শাকিল, দৈনিক যুগের কন্ঠস্বর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক নিউজ ওয়াচ বিডি প্রতিনিধি মো. আশরাফুল আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ আজ সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখনই সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেন তখনই সাংবাদিকদের হামলা-মামলা, হুমকি ও হত্যার শিকার হতে হয়। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে চাপাতি বাহিনী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সেটি নতুন নয়। এর আগে আনোয়ার হোসেন নামে আরেক সাংবাদিককে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসী বাহিনী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা, হুমকী ও হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সাংবাদিকরা।

বক্তব্যে তুহিন হত্যার সাথে সাংবাদিক সাগর, রুনিসহ দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িত সকল আসামীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সারাদেশের সাংবাদিক মিলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

এই বিভাগের আরও সংবাদ