পটুয়াখালী

মৌসুমী বায়ু ফের সক্রিয়, বন্দরে ৩ নাম্বার সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বিগত দিনের তুলনায় বাড়ছে সমুদ্রের ঢেউয়ের তীব্রতা। এদিকে উপকূলীয় এলাকায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সকল মাছধরা ট্রলার।

মাঝি শাহাবুদ্দিন বলেন, গত পরশুদিন সমুদ্রে গিয়েছিলাম, সমুদ্র উত্তাল থাকায় ভোররাতে ঘাটে ফিরে এসেছি। ২ লাখ ২০ হাজার টাকার ডিজেল, গ্যাস, মুদিবাজার কাঁচাবাজার নিয়ে সমুদ্রে গিয়েছি, এসে বিক্রি করেছি ৮০ হাজার টাকা।

জেলে খবির বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে সমুদ্রে ঠিকমতো ২ দিনের বেশি ফিশিং করতে পারিনি। ২/১ দিন পরপরই আবহাওয়া খারাপ হয়ে যায়। বার বার লোকসান হচ্ছে।

কাদের মাঝি বলেন, লাম্বা জালে এ বছর কিছু মাছ পেয়েছে, আমরা ছান্দি জালে তেমন মাছ পাইনি। বাজার সদায় করে সমুদ্রে যাই। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঘাটে ফিরে আসি। বিগত বছরগুলোর চেয়ে এ বছর বার বার আবহাওয়া খারাপ হচ্ছে।

আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, গতকাল রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে, ২/১ ট্রলার সমুদ্র রয়েছে তারাও বিকেলের মধ্যে ঘাটে ফিরে আসবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে৷ এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এটি আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে

এই বিভাগের আরও সংবাদ