কটিয়াদীতে কলেজ শিক্ষার্থী হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদীতে জিদনি হত্যার আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ পড়ুয়া জিদনি মিয়া হত্যার আসামীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে কটিয়াদী সরকারি ডিগ্রি কলেজের সামনে শিক্ষক-পড়ুয়া সহ এলাকাবাসী অংশ নিয়েছে এতে।
প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিলসহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে থানার সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এসময় তারা স্লোগান দেয় খুনি কেনো বাহিরে, আমার ভাই কবরে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এসময় কলেজের প্রধান অধ্যক্ষসহ শিক্ষক ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
গত ৪ জুন বুধবার রাতে পৌর এলাকার ভরাদিয়া গ্রামে একটি মেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসীর ছোট ভাই কটিয়াদী সরকারি কলেজের ছাত্র এইচএসসি পরীক্ষার্থী মো. জিদনি মিয়াকে (১৭) প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ৫ জুন সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন। নিহত জিদনি পৌর এলাকার ভরারদিয়া গ্রামের মৃত ধলু মিয়ার ছোট ছেলে।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।





