সড়ক দূর্ঘটনায় থেমে গেল ঈদ যাত্রা: বাবা ও দুই ছেলের মর্মান্তিক মৃত্যু


আরফান আলী, শেরপুর: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে ছুটছিলেন গ্রামের বাড়ির পথে। কিন্তু কে জানত, সেই পথই হবে শেষ যাত্রা! বাড়িতে অপেক্ষায় ছিল প্রিয়জনেরা—ঈদের নতুন জামা, খুশির আয়োজন, আর ভালোবাসা নিয়ে। কিন্তু ঈদের খুশি পৌঁছানোর আগেই থেমে গেল তিনটি প্রাণের গন্তব্য। যেখানে পরিবারের সঙ্গে ঈদের দিন কাটানোর কথা ছিল, সেখানেই পরিবারে নেমে এলো শোকের ছায়া। আনন্দের দিনটি পরিণত হলো কান্নায় ভরা শোকাবহ এক স্মৃতিতে।
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় শেরপুরের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার(৩ জুন) সকাল ৯টার দিকে বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার ৯নং চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা কান্দাপাড়া এলাকার আমজাদ হোসেন ও তার দুই ছেলে আতুল ও অতুল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ঈদ উপলক্ষে তারা শেরপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। করটিয়া এলাকায় পৌঁছালে তারা নাস্তা করার জন্য বিরতি দিতে চায়। পথে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজাদ হোসেন ও তার দুই ছেলে অতুল ও আতুল মারা যায়। এদিকে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।





