পটুয়াখালী

কলাপাড়ায় এক রাতে চার স্থানে চুরি, আতঙ্কে এলাকাবাসী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় এক রাতেই চারটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা, নীলগঞ্জ ও নবীপুর গ্রামে এসব চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া স্থানগুলোর মধ্যে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি দোকান ও দুটি গরুর খামার।

জানা গেছে, পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ল্যাপটপ ও প্রজেক্টর চুরি করে দুর্বৃত্তরা। প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন জানান, মাত্র তিনদিন আগে বিদ্যালয়টি সরকার থেকে ল্যাপটপ ও প্রজেক্টর পেয়েছে। এখনো তা ব্যবহার শুরু করা হয়নি। তিনি আরও জানান, স্টিলের আলমিরা ভেঙে কিছু নগদ টাকাও নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-অভিভাবক মহলে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, নীলগঞ্জ গ্রামের মামুন মৃধার দোকান থেকে নগদ অর্থ, সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। অপরদিকে, নবীপুর গ্রামের মো. আবুল হোসেন হাওলাদার ও মোতালেব মাতুব্বরের বাড়ি থেকে একটি করে মোট দুইটি গরু চুরি হয়েছে।

এ ঘটনায় পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মো. নাজমুল আলম বাদল মাতুব্বর জানান, তাদের বিদ্যালয়ে ৩০টিরও বেশি কম্পিউটার রয়েছে। চুরির ঘটনার পর তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নজরদারি বৃদ্ধির দাবি জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, তিনি বিদ্যালয়ে চুরির ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। তবে অন্যান্য ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এদিকে এক রাতে লাগাতার এই চারটি চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ