পটুয়াখালী

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাতভর বৃষ্টিপাত,বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

সাইমুন ইসলাম সাইফুল্লাহ: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘দানা’ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে।

গতকাল বুধবার সকাল ৯ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় দানা আজ সকল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল। দুর্বল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

এদিকে ঘূর্নিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার, সাড়ে ৮ হাজার সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের আক্তার জাহান জানান, উপকূলে এলাকা দিয়ে বজ্রবৃষ্টি সহ ঝড়ো হয় বয়ে যেতে পারে। সেই সঙ্গে নদনদীর পানির উচ্চতা আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে।

এই বিভাগের আরও সংবাদ