উল্লাপাড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী পাগলা বোয়ালিয়া এলাকার মহাসড়কের পাশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ অজ্ঞাত (৫৭) এক ব্যক্তি লাশ ও হাত, পা, মুখ বাঁধা লিচু ব্যবসায়ী হেলাল (৩২) নামের এক যুবক কে উদ্ধার করেছে। হেলাল সিরাজগঞ্জের খোসকাবাড়ী গ্রামের মৃত হযরত সেখের ছেলে।
পুলিশ জানায়, রাত্রি ১২ টার দিকে পাগলা এলাকায় উল্লাপাড়া মডেল থানার টহলরত পুলিশ মহাসড়কের পাশ থেকে হাত, পা বাঁধা দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। এ সময় পুলিশ এক ব্যক্তিকে জীবিত ও অপর ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের পরনে সাদা চেকের লুঙ্গি, গায়ে নীল রঙের ফতুয়া ও মুখে মেহেদী লাগানো আধাপাকা দাড়ি আছে। পুলিশ বলছে, নিহতের মুখ গামছা দিয়ে বাধাঁ ছিল। অজ্ঞাত ব্যক্তির লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক সুমন জানান, পুলিশের প্রাথমিক ধারণা তারা উভয়ে লিচু ব্যবসায়ী ছিল। দাসুরা থেকে লিচু কিনে ট্রাকে করে বাড়ী ফিরছিল।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।





