গাইবান্ধা

পলাশবাড়ীতে ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন!

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যুবকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ ( ইউপি) সদস্য খুন হয়েছেন।এ সময় স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে দুই সহোদর আহত হয়েছেন।

২৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

বেতকাপা ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, এলাকায় রাতে ছিঁচকে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় খায়রুল ইসলামসহ কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়।তিনি আরও জানান, আজ রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যান্যরা। উভয়পক্ষের কাটাকাটির একপর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের আরও সংবাদ