গাইবান্ধা

গাইবান্ধায় ৬৬ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার দাবিতে বীর বাঙালি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তাদের স্মৃতি স্মরণ করতে নির্মাণ করা হয় শহীদ মিনার। আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত এই দিনটি স্মরণে শহীদ মিনারে নিবেদন করা হয় শ্রদ্ধার্ঘ।

কিন্তু ভাষা আন্দোলনের ৭১ বছর পরও গাইবান্ধার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য গড়ে ওঠেনি শহীদ মিনার। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, অর্থ বরাদ্দ না থাকাসহ নানা কারণে দীর্ঘদিনেও অধিকাংশ প্রতিষ্ঠানে স্মৃতির মিনার নির্মাণ করা যায়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধায় প্রায় ৬৬ শতাংশ (৬৫ দশমিক ৭৩) প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৪৬৫টি। এর মধ্যে শহীদ মিনার আছে ৫০২টি বিদ্যালয়ে, অর্থাৎ শহীদ মিনার আছে ৩৪ দশমিক ২৬ শতাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে।

এই বিভাগের আরও সংবাদ

১৯৬২ সালে স্থাপিত গাইবান্ধা জেলা শহরের ভি-এইড রোডে জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া শিমু বললো, বইয়ের পাতায় ছবি আর টেলিভিশনে শহীদ মিনার দেখেছি। ২১শে ফেব্রুয়ারিতে সেখানে মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শহীদ মিনারে গান, কবিতা পাঠের আসর ও নাটক মঞ্চস্থ হতে দেখেছি। কিন্তু আমাদের স্কুলে শহীদ মিনার নেই। তাই আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি না।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো হারুনর রশিদ বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের কোনো বরাদ্দ নেই। তবে একটি নির্দেশনা আছে, সব বিদ্যালয়ে একই আকার ও আয়তনের শহীদ মিনার নির্মাণ করতে হবে। যারা নিজস্ব উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করবে, তাদের জন্যই এই নির্দেশনা।

তিনি বলেন, বাঙালি চেতনা ও আমাদের জাতিসত্তার প্রথম উন্মেষ ঘটে ভাষা আন্দোলনের মাধ্যমে। ভাষা শহীদদের প্রতি যথার্থ মর্যাদা দিতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ জরুরি।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, গাইবান্ধার সাতটি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় আছে ৪২২টি। এর মধ্যে শহীদ মিনার নেই ১৮১টিতে, অর্থাৎ ৪৩ শতাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই।গাইবান্ধা সদর উপজেলায় ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৪৩টিতে শহীদ মিনার আছে। গোবিন্দগঞ্জ উপজেলার ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৭০টিতে, পলাশবাড়ীতে ৪৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে, সাঘাটায় ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৩টিতে, সাদুল্লাপুরে ৬৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪টিতে, সুন্দরগঞ্জে ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯টিতে ও ফুলছড়ি উপজেলায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিতে শহীদ মিনার রয়েছে।

এ ছাড়া গাইবান্ধা জেলায় মাদরাসা আছে ২১৩টি। এর মধ্যে শহীদ মিনার আছে ৮২টিতে। শহীদ মিনার নেই ১৩১টিতে, অর্থাৎ গাইবান্ধায় ৬১ দশমিক ৫১ শতাংশ মাদরাসায় শহীদ মিনার নেই।সদর উপজেলায় ২০টি মাদরাসার মধ্যে একটিতে, গোবিন্দগঞ্জে ৫৯টি মাদরাসার মধ্যে ৩৫টিতে, পলাশবাড়ীতে ১৮টি মাদরাসার মধ্যে একটিতে, সাদুল্লাপুরে ৪১টি মাদরাসার মধ্যে ১৭টিতে ও সুন্দরগঞ্জে ৪৯টি মাদরাসার মধ্যে ১৮টিতে শহীদ মিনার আছে। এছাড়া সাঘাটায় ২০টি এবং ফুলছড়িতে ছয়টি মাদরাসা থাকলেও এর কোনোটিতেই শহীদ মিনার নেই।

এই বিভাগের আরও সংবাদ