বৃক্ষরোপণই তার নেশা!


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ছাত্রজীবনে বৃক্ষের প্রেমে পড়েন তিনি। শুরু করে গাছ লাগানো। সেই প্রেম এক সময় নেশায় পরিণত হয়। পড়াশোনা শেষে পেশা হিসেবে শিক্ষকতা বেছে নিলেও সেই প্রেমের নেশা তার পিছু ছাড়েনি। পরিণত বয়সে সেই প্রীতি আরও বেড়ে যায়। গাছ লাগানোর সেই নেশা ছাড়তে পারেন না তিনি। ৫০ বছর ধরে এলাকায় তিনি রোপণ করে চলেছেন নানা জাতের গাছের চারা।
বলছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামের শওকত আলীর কথা। তার বয়স ৮৬ বছর ছুঁইছুঁই। এক সময়ে স্কুলের শিক্ষকতা করতেন, এজন্য এলাকায় তিনি শওকত মাস্টার নামেই বেশি পরিচিত। তবে এখন তার অবসর। তাই সময় কাটাতে তিনি হোমিও চিকিৎসা করেন। আর সেই সঙ্গে রোপণ করেন বৃক্ষ।
সম্প্রতি শীতল গ্রামের তার বাড়িতে গিয়ে দেখা যায়, ওষুধি-ফলজ ও কাঠ বৃক্ষের সমারোহ। প্রায় শতাধিক গাছ পরিচর্যায় ব্যস্ত ছিলেন প্রবীণ এই বৃক্ষপ্রেমিক।
শওকত আলী দেশ স্বাধীনের আগে বিএ পাস করেন। এরপর প্রায় ৩ যুগ চাকরি জীবনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ছাত্রজীবন থেকে থেকে শওকত আলী বৃক্ষরোপণের প্রতি ঝোঁক ছিল। ৩ যুগের শিক্ষকতা জীবনে তিনি বৃক্ষরোপণ করেছেন। এর ধারাবাহিকতায় বসতবাড়ির বিভিন্ন স্থানে হরেক রকম গাছ লাগিয়েছেন। এমন কোন ফলজ নেই যে সেটা তার বাড়িতে নেই। বাড়ির পাশে দৃষ্টি কাড়ে নানা জাতের বৃক্ষ। এক নজর দেখলে মুগ্ধ হয় অনেকে। এ যেন বাড়ি নয়, মনে হয় কোন এক দর্শনীয় স্থান। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই ছুঁয়ে যায় মন।
বুক্ষপ্রেমী শওকত আলী বলেন, সন্তানদের মতোই গাছকে ভালোবাসি। যা পরিবেশ রক্ষা করে। আমার বাড়িতে উন্নত জাতের লিচু-আম-বরইসহ বিভিন্ন বনজ-ফলজ ও ওষুধী গাছ রয়েছে। এসব গাছের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।
স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, গাছের রূপের টানে আমি প্রায়ই শওকত চাচার বাড়িতে বেড়াতে আসি। এখানে একেবারেই মুগ্ধ হই। কি এক মনোরম সৌন্দর্য। এ থেকে আমিও গাছ লাগানো শুরু করছি।
আরেক তরুণী মুন্নি আক্তার জানায়, কলেজ যাওয়া-আসার ফাঁকে শওকত জ্যাঠার বাড়িতে কিছুটা সময় কাটাই। আর ঘুরে ঘুরে নানা ধরণের গাছগুলো মায়াবী চোখে তাকিয়ে থাকি। এসময় আমাকেও গাছ লাগনোর উদ্বুদ্ধ করেন তিনি।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ বেলাল উদ্দিন জানান, শওকত আলীর বাড়িতে ফলজ-মসলা-ওষুধী গাছসহ প্রায় অর্ধশত জাতের বৃক্ষ রয়েছে। মাঝে মধ্যে তাকে পরামর্শ দেওয়াসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করেন।





