আড়িয়াল বিলে আগাম ধানের চারা রোপণ শুরু

আরিফুল ইসলাম শ্যামল: আড়িয়াল বিলে বোরো মৌসুমকে সামনে রেখে জমিতে ধানের চারা রোপণ শুরু হয়েছে। বীজতলা থেকে ধানের চারা তোলার কাজে ব্যস্ত সময় পাড় করছেন শ্রমিকরা। এ অ লে স্থানীয়রা বেশীর ভাগ জমিতে হাইব্রিড ২৯ ও ২৮ জাতের ধান চাষ করছেন। বিশাল এই কৃষি কর্মযজ্ঞে হাজার হাজার শ্রমিক দিনব্যাপী মাঠে কাজ করছেন। মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে আড়িয়াল বিল এলাকা ঘুরে দেখা যায়, লোকালয়ের কাছাকাছি অসংখ্য ধানের বীজতলা করা হচ্ছে। এসব বীজতলায় শতশত শ্রমিক চারা তুলে আটি বাঁধছেন। এসব ধানের চারা রোপণের জন্য নেওয়া হচ্ছে জমিতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে আড়িয়াল বিলের শ্রীনগর অংশেই ৫ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়। এ বছর সিত্রাংয়ের প্রভাবে ফসলী জমিতে পানি বাড়ার ফলে চাষাবাদে কিছুটা বিড়ম্বনা হচ্ছে। এরই মধ্যে আড়িয়াল বিলে পুরোদমে আগাম ধানের চারা রোপণের কাজ শুরু হয়েছে। প্রায় মাসব্যাপী এ কৃষিযজ্ঞ চলমান থাকবে।
এছাড়াও উপজেলার অন্যান্য চকে/বিলে স্থানীয় কৃষকরা ধান চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বীজতলা প্রস্তুতের পাশাপাশি জমির পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। এ সময় ধান চাষের ভরা মৌসুম ধরা হলেও জমিতে জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ধানসহ অন্যান্য রবিশস্য চাষে অসংখ্য কৃষক বিড়ম্বনায় পড়েছেন। সূত্রমতে জানা গেছে, স্থানীয় কৃষি অফিস ফসলী জমির জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় পানি নিস্কাশনের জন্য জরুরী ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেয়া হয়েছে।
এ সময় যশোরের আবু কালাম (৪৫), দেলোয়ার হোসেন (৪৭) বলেন, তারা দৈনিক ৫শ’ টাকা রোজে জমিতে কাজ করছেন। নিজেরাই খাবার রান্না করে খাচ্ছেন। স্থানীয়দের প্রতীত বাড়ি ভাড়া করে থাকছেন।
এ ভাবে কাজ করবেন প্রায় দেড়মাস। চাপাই নবাবগঞ্জের বিশাল (৪০) নামে এক শ্রমিক জানান, বীজতলায় ধানের চারা তোলার কাজ করছেন তারা। ধানের চারা তোলার কাজে প্রতি আটির জন্য ৮০ পয়সা করে পাচ্ছেন।
এ কাজে একেকজন শ্রমিক দিনে প্রায় ৮শ টাকা রুজী করতে পারছেন। তার গ্রæপে ২৫ জন সদস্য আছে।
শ্যামসিদ্ধি এলাকার কৃষক আবুল হোসেন জানান, প্রায় ৬ একর জমিতে ২৯ জাতের ধানের চারা রোপণ করছেন। তবে তার কিছু জমি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী বলেন, আড়িয়াল বিলে এরই মধ্যে ধানে জমিতে চারা রোপণ শুরু হয়েছে। ধানের প্রণোদনা হিসেবে কৃষকের মাঝে সার ও বীজ প্রদান করা হয়েছে।
এ চাষের উপরে কিছু প্রদর্শনী চলমান আছে। জলাবদ্ধতা শঙ্কা অনেকাংশে কমে এসেছে। এ বিষয়ে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কৃষকের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সংশ্লিষ্টরা মাঠে কাজ করছেন।





