বাবার পিটুনি খেয়ে বাড়ি থেকে বের হন কুদ্দুস, ফিরলেন ৪৭ বছর পর


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ আব্দুল কুদ্দুস মুন্সী (৭০)। বয়স যখন ২৩, তখন হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার সন্ধানে হন্যে হয়ে খুঁজতে থাকেন স্বজনরা। অনেকের ধরণা কোনোভাবে মৃত্যু হয়েছে তার। অবশেষে নিখোঁজের ৪৭ বছর পর আপন ঠিকানায় ফিরে এসেছেন তিনি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের হাজিরহাট গ্রামের (কুদ্দুস মুন্সীর নাতি) নাঈম মিয়া।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত খোকা মুন্সীর ছেলে কুদ্দুস মুন্সী। যুবক বয়সে রোকেয়া নামের এক নারীকে বিয়ে করেন। বছর খানেক পর কোলজুড়ে পৃথিবীর আলোর মুখ দেখে আব্দুল করিম নামের এক সন্তান। এরই মধ্যে কুদ্দুস তার বাবার পিটুনি খেয়ে বাড়ি থেকে বের হয়। কিন্ত দিন শেষে রাত ঘনিয়ে আসলেও আর ফিরে আসেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্নভাবে খুঁজেতে থাকে। দীর্ঘদিন খোঁজাখুঁজি অব্যাহত থাকলে কিছুতে সন্ধান মেলেনি কুদ্দুসের। এভাবে যুগ যুগ ধরে নিখোঁজ থাকায় অনেকে ধারণা কুদ্দুস মুন্সী হয়ত মারা গেছে। এমন ধারণা থেকে পরিবারে লোকজন তাকে খোঁজা বন্ধ করে দেন। তবে স্ত্রী রোকেয়া বেগম ও তার ছেলে আব্দুল করিম সবসময় প্রার্থনা করতেন কুদ্দুসকে ফিরে পেতে। অনেক সময় কঁদতেন তারা। এভাবে মা-ছেলে কাঁদছিলেন ৪৭ বছর।
এরই একপর্যায়ে গত ১৫ দিন আগে পলাশবাড়ী উপজেলার হাজিরহাট গ্রামের প্রতিবেশী হারুন মিয়া দিনাজপুরের রানীগঞ্জে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে দেখা হয় কুদ্দুস মুন্সীর সঙ্গে। এক পর্যায়ে জানা যায়, কুদ্দুস মুন্সী রংপুরের পীরগঞ্জের কুমেতপুর এলাকায় থাকেন। বিষয়টি পরিবারকে জানানো হলে প্রায় ১৫ দিন আগে কুমেতপুর থেকে কুদ্দুস মুন্সীকে উদ্ধার করে বাড়ি আনেন স্বজনরা। এখবর পেয়ে ওই ব্যক্তিকে দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
কুদ্দুস মুন্সীর নাতি নাঈম মিয়া বলেন, জন্মের পর থেকে দাদুকে কখনো দেখিনি। শুধুই শুনেছি তিনি বাড়ি থেকে রাগ করে বের হয়ে আর ফিরে আসেনি। এরই মধ্যে দাদুকে পেয়ে মহাখুশি আমরা।
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এ ঘটনার সতত্য স্বীকার করে জানান, আব্দুল কুদ্দুস মুন্সী নিখোঁজ হওয়ার ৪৭ বছর পর বাড়িতে ফিরে এসেছেন। এই সময়ের মধ্যে তিনি অন্য এক জায়গায় বিয়ে করে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন।





