গাইবান্ধা
পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ আটক ২


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১৫৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় লিমন মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৮) নামের দুইজনকে আটক করা হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ীতে আসা হানিফ পরিবহন নামের এক যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাসটি থামিয়ে তল্লাশি করা হলে লিমন মিয়ার কাছে স্কুল ব্যাগে থাকা ৭৮ বোতল ও রফিকুল ইসলামের ব্যাগে ৮০ বোতলসহ মোট ১৫৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটকরা রংপুর জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





