সুন্দরগঞ্জে সেচ দিয়ে পাট জাগাচ্ছে কৃষক!


এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: মাসাধিক কাল ধরে বৃষ্টিপাত না হওয়ায় সেচ পাম্প ও সেলো মেশিনের সাহায্যে সেচ দিয়ে পাট জাগাচ্ছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের পাট চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, চলতি বছর উপজেলায় পাট চাষ করা হয়েছে ৪ হাজার ৭ শ ১০ হেক্টর জমিতে। এতে ৫৪ হাজার ৪ শ ৭৭ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এদিকে, আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে পাট কাটা শুরু করেছেন কৃষকরা। এ পর্যন্ত ১ হাজার ৪ শ ১৫ হেক্টর জমির পাট কর্তন করা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। কিন্তু মাসাধিক কাল ধরে বৃষ্টিপাত না হওয়ায় এবং খাল-বিল শুকিয়ে যাওয়ায় কাটা পাট নিয়ে বিপদে পড়েছেন পাট চাষিরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত নীচু এলাকা ও রাস্তার ধারের মাটি কাটা জায়গায় পাট জাগিয়েছেন চাষিরা। পানি শুকিয়ে যাওয়ায় মাটিতে লেগে গেছে জাগগুলো। এতে পাটের মধ্যভাগ আঁশ ছড়ানোর উপযোগী হলেও গোড়া এবং আগাগুলো হয়ে পড়ছে শক্ত। ফলে রূপান্তরিত হচ্ছে সোনালি আঁশ কালো আঁশে। পাটের রং ফেরাতে ও আঁশ ছাড়ানোর উপযোগী করতে সেচ পাম্প ও সেলো মেশিনের সাহায্যে খালে পানি দিতেও দেখা গেছে চাষিদের।
উপজেলার কুড়িপাড়া গ্রামের পাট চাষি ধীরেন্দ্র নাথ মোদক কয়েকজন শ্রমিককে নিয়ে আঁশ ছাড়াচ্ছিলেন পাটের। তিনি জানালেন, ‘তিন বিঘা জমিতে পাট লাগিয়েছি। কেটেছি দুই বিঘা। আর জাগানোর জায়গা ও পানি না থাকায় কাটতে পারিনি এক বিঘা। যা জাগিয়েছি মাটিতে লেগে থাকায় তারও গোড়া ও আগালির জাগ হয়নি।
আঁশ ছাড়াতে কষ্ট হচ্ছে, শ্রমিক বেশি লাগছে এবং রংও ধারণ করেছে কুচকুচে কালো-বলছিলেন তিনি।
সব পাট শুকিয়ে পাটাশি(লালচে) হওয়ায় পাট বাঁচাতে সেচ দিচ্ছিলেন ওই এলাকার চাষি সুধান চন্দ্র মোদক। ৩৫ শতাংশ জমির জাগানো সব পাট পাটাশি হয়েছে দেখিয়ে দুঃখ প্রকাশ করে সুধান মোদক বলেন, ‘বিঘায় সব মিলিয়ে খরচ হবে ১২ হাজার টাকার বেশি। এক বিঘা জমির পাট জাগাতে শুধু পানির জন্যই খরচ করতে হচ্ছে ১ হাজার টাকা। পাট হতে পারে বিঘায় ৬ মন। বুধবার হাটে মন প্রতি দাম ছিল ২৮০০ থেকে ২৯০০ টাকা। লাভ হবে না। প্রবীণ এ চাষি স্মৃতি রোমন্থন করে বলেন, ‘ দাম যাই হোক, দশক তিনেক আগে পাট বিক্রি করে এক হালি ইলিশ মাছ কিনে বাইঙ্কার(ভার) মাথায় করে বাড়িতে ফিরতাম। কিন্তু এখন ইলিশ তো দূরের কথা! পাট বিক্রি করে হাটে একটা বড় মাছের কাছে গিয়ে দাম করতেই ভয় লাগে। ছেলে-মেয়েদের খাওয়াতে পারি না’, বলছিলেন সুধান। তিনি আরো বলেন, আমরা ভালো দাম না পেলেও যারা কিনে গুদামজাত করছে তারা কিন্তু ৫/৬ হাজার টাকা পর্যন্ত পাট বিক্রি করে ঠিকই বড় বড় ইলিশ ও রুই, কাতলা, বোয়াল, মাগুর, শিং মাছে খাচ্ছেন।’
রমেন মোদক নামে আরেক চাষি পাট চাষ করেছেন দেড় বিঘা। এ পর্যন্ত চার লিটার তেল খরচ করে পানি নিয়েছেন তিনি দুই বার। এছাড়া দেখা গেছে পাট কেটে জমিতে বা রাস্তার ধারে রাখা হয়েছে সেই পাট। শুকিয়ে হয়ে পড়ছে পাটাশি।
উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির প্রতিদিনের সংবাদকে বলেন,’ পানি না থাকায় পাট জাগানো নিয়ে আমরা পাট চাষিদের ‘রিবোন রেটিং’ পদ্ধতি অনুসরণ করতে বলেছি। যাদের মেশিন নেই তারাও কাঁচা পাট থেকে ছাল ছাড়িয়ে নিয়ে ছোট গর্তের মধ্যে অল্প পানিতেই পাট জাগাতে পারে। এমন পদ্ধতিতে আঁশের মানও যেমন ভালো হবে, তেমনি দামও চাষিরা ভালো পাবেন।
এ বিষয়ে উপজেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা মাইদুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে, ‘উপজেলা পাট সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাট জাগানো পদ্ধতি নিযে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে দু’জন ভালো পাট চাষিকে পুরস্কৃত করা হয়েছে। যা পাট চাষিদের পাট চাষে উৎসাহিত করবে বলে আশা করি।’





