দেশজুড়ে

কুষ্টিয়ায় আজ শেষ হবে সাধুদের মিলন মেলা

কুষ্টিয়া প্রতিনিধি: মানুষ ভোজলে সোনার মানুষ হবি” আধ্যাতিক এই বাণীকে সামনে নিয়ে কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে ছিলো নানা আয়োজন। দৌলপূর্ণিমা উপলক্ষ্যে তিনদিনের লালন স্মরণোৎসব এর আয়োজন করে লালন একাডেমি। বুধবার সন্ধা ৭টার দিকে দ্বিতীয় দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) মুন্সী মোঃ মনিরুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশিষ্ট লালন গবেষক আলহাজ্ব গাজী মঞ্জুরুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাব সভাপতি আল-মামুন সাগর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশিষ্ট কবি ও লেখক আলম আরা জুই।

প্রধান আলোচক ছিলেন, লালন একাডেমির সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট লেখক প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, আলোক ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানু ও লালন একাডেমি এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, লালন একাডেমির এডহক কমিটির সদস্য সেলিম হক।

দ্বিতীয় দিনে তার ভক্ত-অনুসারী ও দর্শনার্থীদের ভিড় বেড়েছিলো। কুষ্টিয়ার আখড়াবাড়ির ভেতরে ও বাহিরে যেন পা ফেলার জায়গা ছিলো না। তবে শব-ই-বরাতের কারণে উৎসব দুদিন আগে শুরু করায় অনেক সাধু-বাউল আসতে পারেনি বলে ভক্ত অনুসারীরা জানায়।

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে স্মরণোৎসবে সাধু বাউলদের দাওয়াত দেয়া লাগেনা, দূর-দূরান্ত থেকে দৌল পূর্ণিমার হিসেব কষে তারা ছুটে আসেন। এ বছর দৌল পূর্ণিমা ও শব-ই-বরাত কাছাকাছি সময়ে হওয়ায় প্রশাসন দুই দিন এগিয়ে আনে এই উৎসব। তিন দিনের লালন স্মরণোৎসবের আজ বৃহস্পতিবার ১৭ মার্চ শেষ দিন, তবে শুক্রবার ১৮ মার্চ দুপুরে পুর্নসেবার মাধ্যমে উৎসব শেষ হবে।

এই বিভাগের আরও সংবাদ