দেশজুড়ে

ধামরাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, জরিমানা আদায়

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের তালতলা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী শামীমা আক্তার রিয়া বাল্য বিবাহ থেকে মুক্তি মিললো।

শুক্রবার (৪ মার্চ-২০২২ খ্রীস্টাব্দ) দুপুর ২টার দিকে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের তালতলা এলাকায় এ বাল্য বিবাহ অনুষ্ঠিত হচ্ছিলো।

স্থানীয় এলাকাবাসিসুত্রে জানা য‌ায়, টাংগাইল জেলার নাগরপুর উপজেলার ধুনিগ্রামের মো: শাহ আলমের ছেলে সাজ্জাদুর রহমানের সাথে ধামরাই পৌরসভার তালতলা মহল্লার আব্দির রাজ্জাক মিয়ার মেয়ে শামীমা আক্তার রিয়ার বিয়ের আয়োজন করে। এ সময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি এসে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

এই বিষয়ে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদ মিয়া বলেন, গতকাল জানতে পারি এখানে একটি বাল্য হবে, পরে বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসতিয়াক আহমেদ কে জানালে তিনি এসে বিয়ে দিতে নিষেধ করেন। কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা না মেনে তারা পুনরায় শুক্রবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ইশতিয়াক আহমেদ এসে বাল্যবিবাহ আয়োজন করতে নিষেধ করে যায়। এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তার পরেও মেয়ের পক্ষ নবম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ অনুষ্ঠান করছে। সাথে সাথে সেখানে গিয়ে বাল্য বিবাহটি বন্ধ করে দেই এবং মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আরও বলা হয়েছে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না। যেহেতু সরকার বাল্য বিবাহ বন্ধ করেছে।

এই বিভাগের আরও সংবাদ