ঈদে মায়ের সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি: আরিফিন শুভ


ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ জানিয়েছেন, ঈদে তিনি মায়ের স্মৃতি ধারণ করেই পোশাক পরছেন। নতুন ছবি ‘মালিক’-এর প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, মায়ের শাড়ি থেকে তৈরি পাঞ্জাবিই তার ঈদের প্রধান পোশাক। ঈদে মুক্তিপ্রাপ্ত সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’-এর প্রচারে সম্প্রতি হলে উপস্থিত হন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যক্তিগত জীবনের আবেগঘন দিকও তুলে ধরেন এই অভিনেতা।
শুভ বলেন, আপনারা জানেন বোধহয়, আমি মার জন্য পাগল। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, এটাও কিন্তু আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। কারণ, আমি ঈদের সময় উনার সব শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি। একেকবার একেকটা পরি। আর কোনও কিছুই পরি না ঈদে আমি। তিনি আরও জানান, মায়ের প্রতি তার এই অনুভূতিকে কেন্দ্র করেই সিনেমার গল্পেও কিছু বিষয় যুক্ত করা হয়েছে।
অভিনেতা আরও বলেন, চলচ্চিত্রের সাফল্য-ব্যর্থতা নিয়ে তার অভিজ্ঞতা মিশ্র। কখনো বেশি প্রত্যাশা করেও কাঙ্ক্ষিত ফল মেলেনি, আবার কম প্রত্যাশার কাজও দর্শকের ভালোবাসা পেয়েছে।
তিনি বলেন, আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, বুঝেছি তাতে অনেক আশা করেছি, কিন্তু সেই ছবি হয়তো ততটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, কিন্তু ওই ছবি দর্শকনন্দিত হয়েছে। সিনেমা বিষয় আসলে অনিশ্চিত, এটা বলা যায় না। এটাই সিনেমার সৌন্দর্য।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে সর্বশেষ তাদের দেখা গেছে ‘সাপলুডু’ ছবিতে। নতুন ছবি ‘মালিক’-এর ট্রেলারে তাদের অ্যাকশনধর্মী উপস্থিতি দর্শকের নজর কাড়ছে।



