ইসি নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই: ফখরুল

সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমাদের মাথাব্যথা শুধুমাত্র নির্বাচনকালীন সরকার নিয়ে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিন নির্বাচন হবে না।
রোববার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আবারো তারা একই কায়দায় নির্বাচন করবে, আমরা চেয়ে চেয়ে দেখবো, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমাদের একমাত্র দাবি, নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, তখন আমাদের একটি বাহিনীর ওপর নিষেধাজ্ঞা অত্যন্ত লজ্জার। কারণ সরকার তাদের মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার করছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড প্রমুখ বক্তব্য দেন।



