রাজনীতি

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে: কাদের

বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর নূন্যতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। শনিবার (১১ ডিসেম্বর) সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে বক্তব্য দিয়ে যাচ্ছেন তার বিপরীতে ওবায়দুল কাদের বলেন, দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে।

প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে, এজন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তিনি।

বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।

চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিলো, বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিলো কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিলো।

ওবায়দুল কাদের দুঃখের সঙ্গে বলেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যতো কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।

সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

গাড়ি চালনার ক্ষেত্রে সবাইকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করেছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ