দিনাজপুরে কমছে তাপমাত্রা, সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি


দিনাজপুরে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। এতে জেলাজুড়ে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। শুক্রবার (২৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। পরে সকাল ৯টায় তাপমাত্রা পরিমাপ করে সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দিনাজপুরে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভোর ও সকালে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। দিনের বেলায় কিছুটা স্বস্তি থাকলেও সন্ধ্যা ও রাতে শীতের প্রভাব বাড়ছে।





