সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: অ্যাডভোকেট জুবায়ের


সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, চব্বিশের যোদ্ধাদের রক্ত এখনো টগবগ করছে। ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিরোধে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উত্তরসূরিরা এখনো রাজপথে রয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তাঁর আহ্বানকে স্বাগত জানাই। তবে জাতীয় ঐক্যের পূর্বশর্ত হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন। এটি জামায়াত কিংবা ১১ দলের দাবি নয়, বরং আজ জাতীয় গণদাবিতে পরিণত হয়েছে।
তিনি বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এর আগে বুধবার বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে মিছিল পূর্ব বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় উক্ত মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যে ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকাের ব্যর্থতার প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সিলেট জেলার বিভিন্ন থানা ও পৌর শাখা এবং মহানগর আওতাধিন সকল থানার দলীয় নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে বিশাল মিছিল রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ডাক্তার ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, জিন্নুরাইন আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি মাসুদ রানা তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর দোসরদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা আর কোনো দিন ফিরতে পারবে না। রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই ফ্যাসিবাদ, নৈরাজ্য ও আয়নাঘরমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা কারও রক্তচক্ষুকে ভয় পাই না। জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসিতে শাহাদাতবরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিবাদের নৈরাজ্য মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবশক্তিকে ঐক্যবদ্ধ করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে মোকাবিলায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় উপেক্ষার কারণে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। এ সুযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে একের পর এক নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এপরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তির রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই। জুলাই যোদ্ধারা তাদের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পতিত ফ্যাসিবাদ দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে।





