জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জোর দিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী


কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ও গবেষণার সুযোগ নিয়ে আলোচনা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ প্যাভিলিয়নে ‘Academic Contributions to Bangladesh’s Climate Priorities at COP31 and Beyond’ শীর্ষক এক সাইড ইভেন্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
ডিআইইউর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তার মন্ত্রণালয়ে জমা দেওয়া মানসম্মত গবেষণা প্রস্তাবকে তিনি স্বাগত জানাবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
প্যানেল আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নেটওয়ার্ক অন কালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটির (আইইউএনসিবিডি) সমন্বয়ক অধ্যাপক পিয়েরলুইজি বোজ্জি।
আলোচনায় অধ্যাপক বোজ্জি বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে গবেষণায় আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ নিয়ে কথা বলেন। কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাই ছিল আলোচনার মূল বিষয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইইউর পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার রুবাইয়া নাসরিন।





