সিরাজগঞ্জে অটোরিকশা চালক হত্যা, তিনজনের যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আসাদুলকে হত্যার দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুজ্জোহা শাহানশাহ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার দীঘলকান্দি গ্রামের মনির হোসেন, আনসার আলী ও আব্দুল বাসেদ। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আসাদুলের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকার আব্দুর রহমানের কাছ থেকে চুক্তিতে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর রাতে আর মালিকের কাছে ফিরে আসেননি তিনি।
পরদিন ১৭ ফেব্রুয়ারি সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের একটি সড়কের পাশ থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অটোরিকশার মালিক ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার শ্রী সুকুমার চন্দ্র দাস বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ মনির হোসেন, আনসার আলী ও আব্দুল বাসেদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।





