খুলনার খালিশপুরে মাছ ব্যবসায়ীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার


খুলনা ব্যুরো : খুলনা নগরীর খালিশপুর থানাধীন নতুন কলোনি এলাকায় একটি বাসা থেকে মোঃ জাবেদ (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মরদেহ উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত জাবেদের মৃত্যুর কারণ জানা যায়নি।
নিহত জাবেদ খালিশপুর থানাধীন এনএফ-৭৭, রোড নম্বর-২১২ এলাকার বাসিন্দা। তাঁর বাবা মৃত সাব্বির ও মা মৃত শাহিদা বেগম।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অনেকটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন। অতীতে মাদকাসক্তির সমস্যার কারণে তাঁকে একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। তাঁর বর্তমান স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা তাঁর সঙ্গে একই বাসায় থাকতেন না।
স্থানীয়দের দাবি, মরদেহ উদ্ধারের সময় জাবেদের গলায় রশি পেঁচানো ছিল। এ কারণে প্রাথমিকভাবে আত্মহত্যার বিষয়টি আলোচনায় এসেছে। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন কলোনি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে।



