খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, জামায়াত নেতা আহত


খুলনা ব্যুরো : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকায় ঘরের মধ্যে মুড়ির প্যাকেটে বিস্ফোরণে জামায়াত নেতা এম এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। ৩ নভেম্বর (মঙ্গলবার ) ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি এম এম মনিরুল ইসলাম ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান।
কেউ ভুল করে বাইরে রেখে গেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন তিনি। মুড়ির প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন,“ ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”



