ব্রাহ্মণবাড়িয়া

নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়ির কক্ষে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে এক উপ-পরিদর্শক (এসআই)। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। জাহাঙ্গীরের বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে। তার বাবার নাম আলী আকবর তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফাঁড়িতে নিজ কক্ষে দায়িত্ব পালনের সময় হঠাৎ নিজের মাথায় সার্ভিস পিস্তল দিয়ে গুলি করেন জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারে পুলিশ। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে, প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইসুকৃত পিস্তুল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ছিল কিনা তারা এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ