জাতীয়

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ২০ লাখ টাকা বিতরণ

আজ ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা Ummah Welfare Trust UK-এর সহযোগিতায় চট্টগ্রামের হাটহাজারীতে ১০০টি হতদরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে মোট ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীস্থ প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নিজ বাসভবনে এ অর্থ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।

প্রতিমন্ত্রী আরো বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম অগ্রাধিকার। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। উপস্থিত সুবিধাভোগীরা সংকটকালে এই তাৎক্ষণিক ও কার্যকরী সহায়তা পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ