শপথ নিয়েই জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন এমপি মির্জা ফয়সল আমীন


ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা ফয়সল আমীন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ শেষে তিনি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ছুটে যান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার আহম্মদ, যুবনেতা সোহেল রানা এবং এ এস এম সাদিকুর রহমান নিশানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মির্জা ফয়সল আমীন ও সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



