মুন্সীগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর টোলগামী সড়কে এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার ইদন মিয়ার ছেলে এনামুল হক (২৩) ও শাহ আলমের ছেলে শাহিন হাসান (২২)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই কামরুল হাসান এএসআই দীপক কুমারসহ একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিকআপটি তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত নেভি ব্লু রঙের কুমিল্লা-ন-১১-০৭৭৪ নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নির্দেশনায় জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।



