মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক শেষ, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী


তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শ্রমমন্ত্রী বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাকখাতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। পাশাপাশি তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষ ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে রবিবার গেজেট প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
গেজেট অনুযায়ী, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য করা হয়েছে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন মজুরি কাঠামো নির্ধারণে বোর্ড দ্রুততম সময়ের মধ্যে বৈঠক করবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।



