বিশেষ দিবস ও ব্যাক্তিত্ব

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বিজিএর নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন (BGA), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. আবু নাসের এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মাহবুবুল হক, বিজিএ এর মোহাম্মদ মনির উদ্দিন মণি, ডা. প্রদীপ কুমার সাহা, মোঃ ইমাম হাসান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, মাহমুদুল হাসান রানা প্রমুখ

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা আখতার বলেন, প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি প্রবীণদের জন্য কমিউনিটিভিত্তিক সেবাকার্যক্রম চালু ও সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি। প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

গেস্ট অব অনার অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, প্রবীণদের কল্যাণে তরুণ ও যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না; আন্তরিকতা, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আচরণও তাঁদের জীবনে গভীর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা বলেন, তিনি নবীন ও প্রবীণের সমন্বয়ে এমন একটি মানবিক সমাজ গড়ে তুলতে চান, যেখানে প্রবীণরা তাঁদের প্রাপ্য মর্যাদা, সম্মান ও নিরাপত্তা পাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতে নিরলসভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার নবগঠিত কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. দিলীপ কুমার সাহা।

অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং আন্তঃপ্রজন্মের সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা একটি সুস্থ, মানবিক ও প্রবীণবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

পরিশেষে সভাপতি উপস্থিত অতিথি, আলোচক ও সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ