অর্থনীতি

বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের সম্পদ লুট, পড়ে গেল বিটকয়েনের দাম!

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ হ্যাকিংয়ের শিকার হয়েছে। ঘটনাটিকে ক্রিপ্টোকারেন্সি শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সম্পদের প্রায় অর্ধেক জব্দ করা গেলেও উল্লেখযোগ্য পরিমাণ এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাইন্যান্স জানায়, প্রাথমিক তদন্তে একজন প্রকৌশলীর হ্যাক হওয়া ল্যাপটপের সঙ্গে হামলার যোগসূত্র পাওয়া গেছে। ওই ডিভাইস ব্যবহার করে অনুমতি ছাড়াই অর্থ উত্তোলন করা হয় বলে ধারণা করা হচ্ছে। সব ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিস এ হামলার পেছনে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’ হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা জানিয়েছে। তাদের মতে, এ ঘটনা ২০২৫ সালে বাইবিট এক্সচেঞ্জে হওয়া ১৫০ কোটি ডলারের হ্যাকিংকেও ছাড়িয়ে গেছে।

এদিকে, সম্পদ উদ্ধারে বাইন্যান্সকে সহযোগিতা করছে ক্রিপ্টো প্রতিষ্ঠান টেথার ও সার্কেল। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা সম্মিলিতভাবে প্রায় ২৪০ কোটি ডলারের সংশ্লিষ্ট সম্পদ জব্দ করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্থ উত্তোলন সাময়িকভাবে বন্ধ রেখেছে বাইন্যান্স। হ্যাকিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিটকয়েনের দাম ৪ শতাংশের বেশি কমে যায়। ইথেরিয়াম ও সোলানাসহ অন্যান্য বড় ক্রিপ্টোকারেন্সির দামও কমেছে।

বাইন্যান্সের দাবি, এ ঘটনা তাদের মূল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঘটেছে; যুক্তরাষ্ট্রভিত্তিক বাইন্যান্স ইউএস এতে ক্ষতিগ্রস্ত হয়নি। বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে প্ল্যাটফর্মটির।

এই বিভাগের আরও সংবাদ