জাতীয়

এলপি গ্যাসের দাম দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব

ভোক্তা পর্যায়ে এলপিজি (এলপি গ্যাস) সিলিন্ডারের মূল্যবৃদ্ধি এবং ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা তাদের খরচ বৃদ্ধির অজুহাতে বর্তমান কমিশন কয়েক গুণ বাড়ানোর দাবি উত্থাপন করেছেন।

বিইআরসিতে জমা দেওয়া আবেদন অনুযায়ী, আমদানিকারকেরা তাদের বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বর্তমানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা। এটি বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, ডেল্টা ৩৬০ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার দাবি জানিয়েছে।

অন্যদিকে, পরিবেশকেরা তাদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করার আবেদন করেছেন। ব্যবসায়ীদের এই প্রস্তাব পাস হলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বিপুল পরিমাণে বেড়ে যাবে।

বর্তমানে দেশে এলপিজি আমদানির জন্য ৩০টি কোম্পানি নিবন্ধিত রয়েছে, যার মধ্যে নিয়মিত আমদানি করছে ছয়টি প্রতিষ্ঠান। এছাড়া আমদানিকারকদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করে নিজস্ব প্ল্যান্টে সিলিন্ডারজাত করার কাজে যুক্ত রয়েছে আরও ১২টি প্রতিষ্ঠান।

এর আগে গত ৪ অক্টোবর বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। একই সাথে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ টাকা ০৬ পয়সা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৭৩ টাকা ০৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছিল।

এই বিভাগের আরও সংবাদ