শ্রীনগরে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি জোরদারে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীনগরে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় শ্রীনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর শিক্ষকনেতা মো. জাহাঙ্গীর খান।
পিএফজি কো-অর্ডিনেটর মোঃ জসিম মোল্লা’র সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এসএমএ খালেক, শ্রীনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ মিয়া, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামন, দপ্তর সম্পাদক উজ্জল দত্ত, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আছলাম, ডা. দেওয়ান আবুল হাসেম, শ্রীনগর বাজার বনিক সমিতির সহ-সভাপতি শামশুল ইসলাম নয়ন, ডা. মাসুম খান ঢালু, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আমির মেম্বার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন মিয়া, জাকির মাষ্টার, কামরুন্নাহার চৌধুরী অনু প্রমূখ।
বক্তারা বলেন, দেশে স্থায়ী শান্তি ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান আরও শক্তিশালী হবে। তারা আরও বলেন, বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হলেও সার্বিক পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য ভুলে সবাইকে সহনশীলতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে।
বক্তারা ধর্মীয় ও রাজনৈতিক সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল নাগরিক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।



