চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড় এলাকায় এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, পলাতক এক মাদক ব্যবসায়ী হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে মজুত করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার মিরপুরে পাঠানোর জন্য বুকিং দিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ২ কেজি কথিত হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।



