কুষ্টিয়ায় জিয়া শিশু-কিশোর সংগঠনের পরিচিতি সভা


কুষ্টিয়া প্রতিনিধি: জিয়া শিশু-কিশোর সংগঠনের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জিয়া শিশু-কিশোর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টু। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভার:) অধ্যক্ষ নওয়াব আলী। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসু জাহিদ।
সভায় শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের সক্ষমতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।



