ধনবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
পরিদর্শনকালে মন্ত্রী পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “ধর্ম যার যার, দেশটা সবার।” বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
মন্ত্রী বলেন, শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার তৎপর রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলেও তিনি উল্লেখ করেন। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী রাসবিহারী সাহা মহাশয়ের বহির্বাটি শ্রীকৃষ্ণ মন্দির এর পূজা মন্ডপ, শ্রী মহেন্দ্র চন্দ্র রায় পূজা মন্ডপ, নেটামশরা নতুন বাজার সূত্রধর বাড়ী পূজা মন্ডপ, সিংগাটা রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মন্ডপ পরিদর্শন করেন।
রাতে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অসুস্থ অধ্যক্ষ এম আজিজুর রহমানকে দেখতে তাঁর বাসায় যান মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী পৌর বিএনপি সভাপতি এসএমএ সোবাহান, ধানবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি , ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মোহব্বত, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



