জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘এ প্লাস’ সংবর্ধনা দিল শেরপুর জেলা ছাত্রশিবির


আরফান আলী, শেরপুর: শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ‘এ প্লাস’ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর জেলা শাখা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের উপহার হিসেবে বই, কলম, চাবির রিং, ক্রেস্টসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ও তুরস্কের অহি এবরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মুস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর জেলা শাখার সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর জেলা শাখার সেক্রেটারি ওমর ফারুক।
সভাপতির বক্তব্যে ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত বলেন, সমাজকে সুন্দর ও কল্যাণমুখী করতে সততার কোনো বিকল্প নেই। আর দেশকে এগিয়ে নিতে মেধাবী ও যোগ্য প্রজন্মের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফলের দিকে নয়, বরং জীবনের শুরু থেকেই সততা, দক্ষতা ও দেশপ্রেম—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জ্ঞান ও মেধার সঙ্গে সততা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয় ঘটলেই একজন শিক্ষার্থী দেশ ও সমাজের জন্য একজন দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।



