রাজধানী

উত্তরায় বেতন বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

শহিদুল ইসলাম সাগর : রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত কয়েকশ গার্মেন্টস শ্রমিকরা। এতে করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, দূরপাল্লার বাসযাত্রী ও পথচারীরা। পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ৩ ঘন্টা পর আজ বুধবার দুপুর ২টার দিকে রাস্তায় যানবাহন স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে গার্মেন্টস শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত একাধিক পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিভিন্ন কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অবরোধের কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পাশাপাশি উত্তরাসহ আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে।

এদিকে সড়ক অবরোধের কারণে গণপরিবহনে আটকে পড়েন দূরপাল্লার শতশত বাসের যাত্রীরা। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকে বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন। এতে কর্মস্থলগামী মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা দুর্ভোগে পড়েন। বাসে আটকে পড়া রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আজ সকালে ব্যক্তিগত জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। কিন্তু সড়কে শ্রমিকদের অবরোধের কারণে আটকে পড়ে যাই। দীর্ঘ সময় যাত্রীবাহী বাসে অপেক্ষায় বসে থাকি। পরে কূলকিনারা না পেয়ে পায়ে হেঁটেই বাসার উদ্দেশ্য রওনা হয়েছি।

এদিকে সকাল ১১টা পর থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত শ্রমিকদের অবরোধের কারণে উত্তরার আজমপুর ও আশপাশের এলাকায় যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির কারণে সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথে চলাচল এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে ডিএমপির উত্তরা পূর্ব ও পশ্চিম থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খালিদ মুনসুর এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনরত পোশাক শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এরপর বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন কোন অসুবিধা ও সমস্যা নেই। সব কিছু স্বাভাবিক আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ