খুলনা

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করতে নির্দেশ

খুলনা ব্যুরো : খুলনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় রাতের বেলায় একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে কোনো সদস্য যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপস, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাতের বেলায় একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ধারালো চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের হামলায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিভাগের আরও সংবাদ