ভোলা

ভোলায় অর্ধশতাধিক বাড়িতে চুরি: মাদক ও চোর চক্রের বিরুদ্ধে মুসল্লিদের মানববন্ধন

​স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা রাস্তার মাথা বাজারে চুরি ও মাদকের ভয়াবহ উৎপাত দমনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষ। আজ (৯ সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজ শেষে রাস্তার মাথা বাজারে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চোর চক্রের উৎপাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে এই দুই ইউনিয়নের অন্তত অর্ধ-শতাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ঘরের মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

​বক্তারা সরাসরি অভিযোগ করে বলেন, এলাকার চিহ্নিত চোর কামাল রাঢ়ী, মিরাজ, সুমন ও মহিউদ্দিনের নেতৃত্বে এসব চুরির ঘটনা ঘটছে। কিন্তু অদৃশ্য কোনো শক্তির ইশারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝেমধ্যে পুলিশ দু-একজনকে আটক করলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে কয়েক দিনের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। দিনের পর দিন সাধারণ মানুষের শেষ সম্বলটুকু লুট হয়ে গেলেও ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না।

​মানববন্ধন থেকে অবিলম্বে চিহ্নিত চোর ও তাদের মদদদাতাদের গ্রেপ্তারসহ এলাকাকে মাদক মুক্ত করার জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

​কর্মসূচিতে বক্তব্য রাখেন ইলিশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজ সিকদার, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ পাটোয়ারী, জেলা যুবদলের সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন হাওলাদার, রাস্তার মাথা জামে মসজিদের খতিব মাওলানা সিয়াব উদ্দিন শিবপুরী, সমাজসেবক আনোয়ার হোসেন (সাদ্দাম) এবং স্বপ্নপূরণ সংগঠনের মহাসচিব নিরবসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের আরও সংবাদ